বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে, বন্যা পরিস্থিতির আরো উন্নতি
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তিস্থলের আশেপাশেই রয়েছে। তবে শুক্রবার সকালের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিমে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর ওপর দিয়ে ভারতের দিকে চলে যেতে পারে। এর কোনো প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে না।
এদিকে, তিনদিন কোনো বৃষ্টিপাত না হওয়ায় দেশের প্রায় সব নদ-নদীর পানি আরো কমতে শুরু করেছে। ফলে বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হচ্ছে।
তবে ঝিকরগাছায় কোবাদক নদীর পানি আরো দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা তথ্য কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র অববাহিকার আরিচায় এক সেন্টিমিটার এবং বুড়িগঙ্গা নদীর পানি ঢাকার কাছে দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই অববাহিকার আর সব পয়েন্টেই পানি হ্রাস পেয়েছে।
পদ্মা অববাহিকায় পাঙ্খায় ১৭ সেন্টিমিটার এবং গড়াই ব্রীজের কাছে গড়াই নদীর পানি বেড়েছে। এছাড়া ওই অববাহিকার সব পয়েন্টেই সব কটি নদ-নদীর পানি কমেছে।
মেঘনা অববাহিকায় সব নদীর পানি কমলেও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বান্দরবানে সঙ্খ নদীর পানি বেড়েছে।
