২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সরকার ব্যর্থ বলে আওয়ামী লীগের অভিযোগ

বিপুল পরিমানে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট এবং পরিবেশের অবনতির জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বৃহম্পতিবার অভিযোগ করে বলেছে সকল ক্ষেত্রে ব্যর্থতার ধারাবাহিকতায় চারদলীয় জোট সরকার পরিবেশ সংরক্ষণেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নগরীর ধানমন্ডি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী অভিযোগ করে বলেন, সারাদেশ জুড়ে নির্বিচারে বৃক্ষ নিধন এবং পাহাড় কাটার মাধ্যমে সরকার পরিবেশের ধ্বংস সাধন করেছে।

তিনি আরও বলেন, জোট সরকার পরিবেশ ক্ষেত্রে পলিথিন বন্ধের সাফল্য দাবি করেছে..কিন্তু প্রকৃতপক্ষে পলিথিন ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত আওয়ামী লীগ সরকারই গ্রহণ করেছিল। কিন্তু এই শিল্পের সাথে জড়িত মালিক-শ্রমিকরা যাতে হঠাৎ বেকার হয়ে না যান তা বিবেচনা করে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পলিথিন ব্যবহার বন্ধ ঘোষণা করেনি।

তিনি জানান, সরকার পলিথিনের ব্যবহার বন্ধ করে বাহবা কুড়ালেও বাজারে কিন্তু দেদারছে পলিথিন বিক্রি হচ্ছে এবং পলিথিন আমদানিও বন্ধ হয়নি।

একচেটিয়াভাবে শুধু মাত্র ভারত থেকে সিএনজি চালিত বেবিট্যাক্সি আমদানি করার কঠোর সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, সিএনজি বেবিট্যাক্সি আমদানির সাথে দূর্নীতি জড়িত বলেই দেড় লাখ টাকার ট্যাক্সি তিন/চার লাখ টাকায় বিক্রি হচ্ছে।

বিল্ডিং কোড লঙ্ঘন করে ঢাকা শহরে বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদান করায় সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, এতে নগরীর পরিবেশ ভারসম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সাভারে স্পেকট্রাম গার্মেন্টসের ভবন ধ্বসে শতাধিক শ্রমিক হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন এতে প্রমাণিত হয় যে সরকার ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোডের তোয়াক্কা করছেনা।

সরকারের পরিবেশ নীতির কঠোর সমালোচানা করে সাজেদা চৌধুরীর বলেন এ নীতি ‘কাজ করছে না’। তিনি বলেন, খালেদা জিয়া একদিকে গাছ লাগানোকে একটি সামাজিক আন্দোলন বলছেন অন্যদিকে তার দলের নেতা কর্মী ও ক্যাডারা নির্বিচাররে গাছ ও পাহাড় নিধন করে চলেছে।

তিনি বলেন, ঢাকা শহরের সৌন্দর্য্য বর্ধনের নাম করে ইতোমধ্যে তারা ১০ হাজার গাছ কেটে ফেলেছে এই সরকার।

জাতীয় সংসদের মূল নক্সা পরিবর্তন করে সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবন নির্মাণের কঠোর সমালোচনার পাশাপাশি সাবেক পরিবশ মন্ত্রী সুন্দরবনের বায়ো-ডাইভারসিটি প্রকল্প এবং সিতাকুন্ডের ইকো-পার্ক বন্ধের কঠোর সমালোচনা করেন।

আওয়ামী লীগ সম্মেলনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের জন্য একটি অবকাঠামোগত কৌশল নির্ধারণ, পাট শিল্পকে পুনরুজ্জিবিত করণ, যথার্থ আবর্জনা ও পয়ো নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ, জাতীয় দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে বিল্ডিং কোড এর সঠিক বাস্তবায়ন।