ভোটার তালিকা তৈরী সফল করতে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরীর কার্যক্রম সফল করতে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এ জন্য কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ভোটার তালিকা তৈরীর প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সচিব সম জাকারিয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রচারণা কার্যক্রম হিসেবে বিভিন্ন প্রচার সামগ্রী, পোস্টার, লিফলেট, স্টিকার মুদ্রণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও ভোটার তালিকা বিষয়ে টিভি স্পট বা শর্ট ফিল্ম নির্মাণ ও প্রচার, বেতারের মাধ্যমে ভোটার সচেতনতামূলক নাটক, জীবন্তিকা, কার্টুন ও কথিকা প্রচার করা হবে।
এছাড়াও সারাদেশে মাইকিং, ফিল্ম শো, পথ নাটকসহ বিভিন্নভাবে প্রচারের কার্যক্রম হাতে নেওয়া হবে।
সভায় তথ্য অধিদপ্তর, বাংলাদেশ বেতার, গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, মুদ্রণ, লেখ সামগ্রী, ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের প্রতিনিধি ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
