২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী জেলা জজের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

পটুয়াখালীর একটি নারী নির্যাতন মামলায় হাইকোর্টের আদেশ লংঘন করায় হাইকোর্ট বুধবার পটুয়াখালী জেলা জজ এমএ মজিদের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট আফজাল হোসেনের দায়ের করা অবমাননার আবেদন শুনানির পর বিচারপতি এমএ রশীদ ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন। রুলের জবাব দিতে পটুয়াখালী জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ মজিদকে নভেম্বরের ২০ তারিখে সশরিরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার দুমকি উপজেলার সেতারা বেগম প্রতিবেশী কালাম খন্দকার ও সত্তার হাওলাদারের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বিচারক জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমকে মামলার তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

তদন্ত শেষে ওই ম্যাজিস্ট্রেটের পেশকৃত রিপোর্টে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হয় নি। কিন্তু তারপরও বিচারক এমএ মজিদ আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

অন্যদিকে কালাম খন্দকার এবং সাত্তার হাওলাদার চলতি বছরের ২১ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের রুল শুনানি পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।

কিন্তু সেপ্টেম্বরের ১১ তারিখে হাইকোর্টের আদেশসহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে বিচারক মোহাম্মদ আব্দুল মজিদ হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে তাদের জেলে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী মো. আফজাল হোসেন হাইকোর্টের আদেশ অমান্য করায় বুধবার হাইকোর্টে এমএ মজিদের বিরুদ্ধে অবমাননার আবেদন করেন।

আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বিচারক এমএ মজিদের বিরুদ্ধে অবমাননা রুল জারি করে এবং হাইকোর্টের আদেশ পাওয়ার পর কালাম খন্দকার ও সাত্তার হাওলাদারকে জামিনে ছেড়ে দেযার নির্দেশ দেন।