চুয়াডাঙ্গায় আট হত্যা মামলায় লাল্টুসহ ১৬ আসামি বেকসুর খালাস
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাঞ্চল্যকর আট হত্যা মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা নুরুজ্জামান লাল্টুসহ ১৬ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সামাদ মঙ্গলবার বেলা ১১টায় এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়।
রায় ঘোষণাকালে ১৬ আসামির মধ্যে লাল্টুসহ ১০ জন উপস্থিত ছিল। অবশিষ্ট ছয় আসামি পলাতক রয়েছে।
খালাসপ্রাপ্ত ১৬ আসামি হলো, নুরুজ্জামান লাল্টু, সেলুন ওরফে সেলিম ওরফে ছালিম উদ্দিন, ছাকবার, আসাদ, আলাল, ওল্টু ওরফে হাবিবুর, সিরাজ মোল্লা, পাঁচু, রুহুল আমিন, নুরুল ওরফে সবুজ, কালু ওরফে জাহিদ, নূর হক ওরফে হক সাহেব, পারভেজ ওরফে মামুনুর রশীদ, বিপ্লব, রানা ওরফে শহীদুল এবং আলম ওরফে খোকন। এদের মধ্যে ছাকবার, আলাল, ওল্টু ওরফে হাবিবুর, সিরাজ মোল্লা, পাঁচু ও পারভেজ ওরফে মামুনুর রশীদ পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ৬ জুলাই রাত ১২টায় ২৫/৩০ জনের একদল অস্ত্রধারী দামুড়হুদার কুলাবিলা আদর্শগুচ্ছ গ্রামে হানা দেয়। এসময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে গ্রামবাসিকে ঘুম থেকে ডেকে তোলে। অস্ত্রধারীরা গ্রামবাসীকে ওয়াকার্স পার্টির সদস্য বলে অভিহিত করে তাদের কাছে অস্ত্র চায়। কিন্তু গ্রামবাসী অস্ত্র দিতে ব্যর্থ হওয়ায় অস্ত্রধারীরা তাদের ওপর এলাপাতাড়ি হামলা চালায়। এসময় অস্ত্রের আঘাত ও গুলিতে নাসিরউদ্দিন, আফানুর, মুরাদ আলী, কুন্টু, কাওসার, আরশাদ আলী, জালাল ও শমসের আলী নিহত হয়। অস্ত্রধারীরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির শ্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে। ঘটনার পরদিন একই গ্রামের ইউনুস আলী ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে।
১৯৯৬ সালের ১৮ মার্চ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ১৬জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু জাফর এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু।
