২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর এখনও মঙ্গার কবলে

কোন ভাবেই দূর হচ্ছে না নীলফামারীর মঙ্গা। এখানকার সাড়ে তিন লাখ নিরন্ন মানুষ অভাব থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছে না।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 08:46 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

রোববার ও সোমবার মঙ্গাপীড়িত নীলফামারী জেলার ৬১টি ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে এক লাখ ২৫ হাজার ৫শ’ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হলেও এখানকার মানুষের অভাব দূর হয়নি। সুষ্ঠু নীতিমালা না থাকায় প্রকৃত দুস্থদের হাতে চাল পৌঁছেনি। ধনী ব্যক্তিরা চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে কার্ড কিনে নেওয়ায় প্রকৃত দুস্থরা এই চাল থেকে বঞ্চিত হচ্ছে।

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দু’দিনের উপবাসী ৭৫ বছর বয়সের ধৌলি বেওয়া চেয়ারম্যান মেম্বারের হাত-পা ধরেও একটা কার্ড না পেয়ে চাল বিতরণের সময় ইউপি কার্যালয়ের সামনে বসে কাঁদলেও এক ছটাক চালও পায়নি।

ধৌলি বেওয়া অভিযোগে জানান, চেয়ারম্যান কার্ডের জন্য টাকা চেয়েছিলো, দিতে না পারায় সে কার্ড পায়নি।

অপরদিকে, চার বিঘা জমি চারটি গরু আর তিনটি টিনের ঘরের মালিক এজো কসাই, অবস্থা সম্পন্ন মমিন মিস্ত্রি, দিন কয়েক আগে ৪০ হাজার টাকায় জমি কিনেছে যে সিদ্দিকুল তারা সবাই লাইনে দাঁড়িয়ে ভিজিএফ’র চাল নিয়েছে।

মঙ্গা বিধ্বস্ত সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ঢিংপাড়ার সাড়ে তিনশ’ চরম অভাবী পরিবারের মধ্যে মাত্র ৩৭ জন ভাগ্যবান কার্ড পেয়েছে।

এ প্রসঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বিডিনিউজকে জানান, প্রত্যেকটি ওয়ার্ডের জন্য সমান সংখ্যক কার্ড বিতরণের সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত বেশী অভাবগ্রস্থ গ্রামগুলোতে তারা পর্যাপ্ত কার্ড দিতে পারছে না।

ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানি, ডোমার উপজেলার সোনারায়, ভোগডাবুড়ি, জোড়াবাড়ি, নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর, চাপড়া সরমজানি, কচুকাটা, লীচাপ, সোনারায় ও খোকশাবাড়ি ইউনিয়নে ১০ কেজির পরিবর্তে ৭/৮ কেজি করে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

দুস্থ ব্যক্তিরা অভিযোগে জানায়, এবার চাল বিতরণের সময় সেনা সদস্যরা না থাকায় চেয়ারম্যান মেম্বাররা তাদের ইচ্ছে মতো চাল বিতরণ করেছে। সদরের চাপড়া সরমজানি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বাররা আগেই কালো বাজারে চাল বেঁচে দেয়ায় ১ নম্বর ওয়ার্ডের ২৮ জন দুস্থ মানুষ চাল না পেয়ে চেয়ারম্যান মেম্বারদের ওপর চড়াও হলে পরে তারা খোলা বাজার থেকে চাল কিনে ৪/৫ কেজি করে তাদের চাল কিনে দিয়ে বিদায় করেছে।

সংগলসী ইউনিয়নে বিতরণের পর বেঁচে যাওয়া দুই বস্তা চাল বুভুক্ষু মানুষ লুট করে নিয়ে গেছে।