সোনা মসজিদ স্থল বন্দরের ৫ সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সম্প্রতি সোনা মসজিদ স্থল বন্দরের পাঁচ সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রাজশাহীর অর্থঋন আদালতসহ দেশের অন্যান্য স্থানের বিভিন্ন আদালত থেকে এ আদেশ জারি করা হয়।
শুল্ক ফাঁকিসহ আমদানি রপ্তানিতে ভুয়া ডিক্লারেশানের মাধ্যমে পণ্য আনার অভিযোগে এসব সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে শুল্ক কর্তৃপক্ষ প্রতারণার মামলা দায়ের করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনা মসজিদ স্থল বন্দরে কর্মরত হাসান এন্টারপ্রাইজের মালিক ইয়াসিন আলি, সেতু ইন্টারন্যাশনালের মালিক সাদিকুল ইসলাম, সিয়াম ট্রেডার্সের মালিক শামীম কবির সেলিম, মায়ের দোয়ার মালিক নাসির উদ্দিন ও আসাদ এন্টারপ্রাইজের মালিক মবিনুর রহমান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এসব গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের কাছে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি সাহাবুদ্দিন খলিফা তার থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা স্বীকার করে বিডিনিউজকে জানান, তিনি এসব ব্যক্তিদের খুঁজছেন।
সোনামসিজদ স্থল বন্দরে কর্মরত এক শ্রেণীর সিএন্ডএফ এজেন্টদের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।
