২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

সারা দেশে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিডিনিউজ-এর পাবনা প্রতিনিধি জানান, পাবনার নগরবাড়ী-বগুড়া মহাসড়কে সোমবার সকালে একটি বাস ও নছিমনের সংঘর্ষে নছিমনচালকসহ সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। সকাল ১০টার দিকে বেড়া উপজেলার চাকলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সকলেই নছিমনের যাত্রী। এদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে নছিমনের যাত্রীদের সঙ্গে কয়েকজন বাসযাত্রীও রয়েছে।

পুলিশ জানায়, একটি শ্যালোচালিত নছিমন ১৪/১৫ জন যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এসময় চাকলা ব্রিজের কাছে বিশ্বজিত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে নছিমনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। এরা হলো, নছিমনচালক চাকলা গ্রামের অরশাদ আলী (৩৬), আবু সামা (৪২), বেড়া পৌর এলাকার সানিলা গ্রামের সোলে বেগম (৫০), নলডাঙ্গা গ্রামের আলীম (১৫), আব্দুল্লাহ (১৭) এবং আদুরি খাতুন (২৫)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল মতিন (৩৫), আব্দুল করিম (৩২), খুশী (১৩), আমিরুল ইসলাম (৩৩), বাবলু (২২), জাহাঙ্গীর (২৮), বাবুল (৪২) এবং কচি (২১)কে বেড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় কচি মারা যায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে বলেন, শ্যালোচালিত নছিমন নিষিদ্ধ বলে নিহতদের আত্মীয়-স্বজন লাশগুলোকে যার যার বাড়ি নিয়ে গেছে। ফলে ময়নাতদন্তের জন্যে বাড়ি বাড়ি খুঁজে লাশ আনতে হচ্ছে।

দুর্ঘটনার ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ-এর জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলা দু’টিতে ভোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১০ জন আহত হয়।

জয়পুরহাটে যাত্রীবাহী বাস ও টেম্পুর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও চার ব্যক্তি আহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক ট্রাক ও টেম্পুর সংঘর্ষে টেম্পু চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ছয় জন।

নিহত টেম্পু চালকের নাম শওকত হোসেন।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক তনুহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নড়াইল সদর থানার সীতারামপুর গ্রামের সূর্যকান্ত রায়ের কন্যা তনুহা ছাগল ও ভেড়া চড়াতে সীতারামপুর এলে নড়াইল থেকে যশোরগামী যাত্রীবাহী বাস আল্লার দান (ঢাকা মেট্ট্রো ব-৭৯৫) তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তনুহা প্রাণ হারায়।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।