২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির অবনতি, উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ আবারো শুরু

একটানা ৮ দিন বৃষ্টিপাতের পর সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত প্রায় থেমে গেছে। সোমবার দেশের কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হলেও কোথাও এক মিলিমিটারের ওপর রেকর্ড হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

আবহাওয়া অধিদপ্তর জানায়, অবশ্য আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই। এ জন্য আরো দু-তিনদিন সময় লেগে যাবে। এ সময়ে গত কয়েকদিনের মতো বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে বন্যা তথ্য কেন্দ্র জানায়, সোমবার সারাদেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দেশের নদ-নদীগুলোর বেশিরভাগ পয়েন্টেই পানি বেড়েছে। দুটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৪টি পয়েন্টে পানি কমেছে এবং তিনটিতে স্থিতিশীল রয়েছে।

প্রবল বর্ষণের কারণে রোববার উত্তরাঞ্চলে বিঘ্ন ঘটে রেল যোগাযোগ। টানা ৩৫ ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর সোমবার সকাল পৌনে ৮ টা থেকে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুনস্থাপিত হয়েছে। সোমবার সকাল পৌনে ৮ টায় একটি লোকাল ট্রেন (৫১০) সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের ওয়াখারা-ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী স্থানের ডেঙ্গা এলাকায় পুনস্থাপিত প্রায় ২০০ ফুট রেলপথ অতিক্রম করলে রেল চলাচল শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, রাঙ্গামাটি, হাতিয়া, টাঙ্গাইল, খেপুপাড়া ও মাদারিপুর এলাকায় এক মিলিমিটার এবং খুলনা অঞ্চলে দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পূর্বাভাস কর্মকর্তা (ডিএফও) সানাউল হক বিডিনিউজকে জানান, গত কয়েকদিনের তুলনায় সোমবার দেশের আবহাওয়া পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

তিনি জানান, তবে মঙ্গলবার থেকেই আবারো পরিস্থিতির অবনতি ঘটতে পারে। দু থেকে তিনদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বন্যা তথ্য কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম বিডিনিউজকে জানান, সোমবার দেশের কোথাও ভারি বর্ষণ না হলেও দেশের নদ-নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বন্যা তথ্য কেন্দ্র সূত্র জানায়, সোমবার সকাল ৯টার পর থেকে দেশের কোথাও তেমন ভারী বর্ষণ না হলেও এর আগের ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়।

এ বৃষ্টিপাতের ফলে সারাদেশের বিভিন্ন নদ-নদীতে মোট ৮৬টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৫৯ টি পানি বৃদ্ধি, ১৪ টিতে হ্রাস, তিনটিতে স্থিতিশীল এবং দুটিতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর অবস্থা:

বন্যা তথ্য কেন্দ্র জানায়, ব্রহ্মপূত্র-যমুনা অববাহিকার নুনখাওয়া, গঙ্গা-পদ্মা অববাহিকার হার্ডিংঞ্জ ব্রীজ ছাড়া প্রায় সব পয়েন্টেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ব্রহ্মপূত্র অববাহিকার চিলমারিতে ৫২ সেন্টিমিটার, বাহাদুরাবাদে ২৩ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে আরিচায় পানি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে নুনখাওয়া পয়েন্টে পানি প্রায় ৫৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীতে ২৭ সেন্টিমিটার, কাউনিয়ায় তিস্তার পানি ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এ সময় ডালিয়া তিস্তার পানি কমেছে ৪৬ সেন্টিমিটার। ময়মনসিংহে পুরনো ব্রহ্মপূত্রের পানি ৩৮ সেন্টিমিটার এবং টঙ্গী খালে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এ অববাহিকার প্রতিটি পয়েন্টেই পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা-গঙ্গা অববাহিকায় পানিপ্রবাহ পাঙ্খায় নয় সেন্টিমিটার, ভাগ্যকুলে দুই সেন্টিমিটার এবং গোয়ালন্দে এক সেন্টিমিটার বৃদ্ধি এবং হার্ডিংঞ্জ ব্রীজ পয়েন্টে দুই সেন্টিমিটার হ্রাস পেয়েছে। গড়াই রেল ব্রীজ পয়েন্টে গড়াই নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

পঞ্চগড়ে করতোয়া নদীর পানি ১৯ সেন্টিমিটার কমেছে। ঝিকরগাছায় কোবাদক নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরে কুমার নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়েছে।

মেঘনা অববাহিকায় কানাইঘাটে সুরমা নদীর পানি ২০৯ সেন্টিমিটার, সিলেটে ১২১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

কুশিয়ারার পানি আমলসিরে ১৯৮ সেন্টিমিটার, শেওলায় ১৮০ সেন্টিমিটার এবং শেরপুরে ৫৭ সেন্টিমিটার বেড়েছে। ছাতলাঘাটে মনু নদীর পানি ২১০ সেন্টিমিটার, মনু রেল ব্রীজের কাছে ২২০ সেন্টিমিটার, মৌলভীবাজারে ৮২ সেন্টিমিটার বেড়েছে। খোয়াই নদীর পানি বল্লাহ’য় ৮২ সেন্টিমিটার, হবিগঞ্জে ১৯৯ সেন্টিমিটার বেড়েছে। বল্লাহ’য় বিপদসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দূর্গাপূরে সোমেশ্বরী নদীর পানি ৬৮ সেন্টিমিটার, জরিয়াজঞ্জাইলে কংশ নদীর পানি ৩২ সেন্টিমিটার বেড়েছে।

দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার পরশুরামে মুহুরী নদীর পানি ৫০ সেন্টিমিটার, হালদা নদীর পানি নারায়ণহাটে ৪৫ সেন্টিমিটার ও পঞ্চপুকুরিয়ায় ৫৭ সেন্টিমিটার, দোহাজারিতে সাঙ্গু নদীর পানি ৩৭ সেন্টিমিটার এবং রামগড়ে ফেনী নদীর পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে বিভিন্ন এলাকা থেকে বিডিনিউজের প্রতিনিধিরা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও কৃষকদের দূর্ভোগের খবর পাঠিয়েছেন।

বিডিনিউজের পটুয়াখালি প্রতিনিধি জানান, সোমবার দুপুর পর্যন্ত ১২ ঘন্টায় জেলা প্রায় ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে স্বাভাবিক জোয়ারের তুলনায় তিন থেকে ছয় ফুট পানি বেড়ে যায়। ফলে উপকুলীয় এলাকায় কয়েক লাখ লোক পানি বন্দী হয়ে পড়ে। এতে কয়েক শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। এতে প্রায় ২০০ ঘেরের চিংড়ি ও অন্যান্য মাছ জোয়ারের সাথে ভেসে গেছে।

বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার থেকে রক্ষা পেতে ডুমুরিয়া উপজেলার সাতটি গ্রামের মানুষ স্থানীয় দুটি চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়েছে। পাঁচপোতা ও পাচুরিয়া খালে বাধ দিয়ে চিংড়ি ঘের স্থাপনের কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল দুটি স্থানীয় প্রভাবশালীরা ইজারা নিয়ে সেখানে ঘের স্থাপন করেন।