নোয়াখালীতে পুলিশের গুলিতে নিহত ৫ জনের পরিবারকে শেখ হাসিনার পাঠানো আর্থিক সাহায্য প্রদান
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের পরিবারকে সোমবার সকালে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পাঠানো আর্থিক অনুদান প্রদান করেন।
প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এসময় ওবায়দুল কাদের বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরিস্থিতি হবে ভয়াবহ।
তিনি আরও বলেন, জোট সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে পাঁচজনকে গুলি করে হত্যা ও বহু লোককে আহত করলেও পুলিশ বাদি হয়ে আহত ও নিহতদেরসহ অজ্ঞাত হাজার হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেছে।
তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
আর্থিক অনুদান প্রদানকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।
কোম্পানিগঞ্জে বৃহস্পতিবার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিবর্ষণে পাঁচ জন নিহত এবং বহুলোক আহত হয়।
