বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে একজন নিহত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে মোখলেসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার পুলিশ ও এলাকাবাসী সূত্র এ খবর জানায়।
হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার গণকপাড়া গ্রামের মৃত এশারত আলী সরকারের দু’ছেলে মোখলেসুর রহমান ও মোবারক সরকারের সাথে জমি নিয়ে প্রতিবেশি রফিকুল ইসলামের বিরোধ চলছিল। প্রায় এক সপ্তাহ আগে রফিকুলের ছেলে রবিউল এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি করে। বিষয়টি জানতে পেরে রোববার বেলা আড়াইটার দিকে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হাতে মোখলেসুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনার পর পরই রবিউল ও তার স্ত্রী শিরিনকে গ্রেপ্তার করে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
