বৃহত্তর রংপুরের পাঁচ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
বৃহত্তর রংপুরের পাঁচ জেলা-রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়েছে।
ওই পাঁচ জেলার জাসদ নেতৃবৃন্দ রোববার রংপুর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা জাসদের সভাপতি ডাক্তার একরামুল হোসেন স্বপন। বক্তব্যে বলা হয়, বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় ৪০ লাখ মানুষ না খেয়ে আছে। ৭০ লাখ মানুষ মনবেতর জীবন যাপন করছে।
বক্তারা বলেন, জোট সরকারের রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে সর্বক্ষেত্রে চলছে দুর্নীতি লুটপাট, দলীয় প্রভাব। খাদ্য ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, পল্লী রেশন বিতরণে দলীয় চেয়ারম্যান-মেম্বারদের ব্যাপক অনিয়মসহ খোলা বাজারে পর্যাপ্ত পরিমাণ সরকারী চাল বিক্রি না হওয়ায় কার্তিকের শুরুতেই এই পাঁচ জেলায় মঙ্গা দেখা দিয়েছে। উত্তরঞ্চলের ৮৫ ভাগ খেটে খাওয়া মানুষ অনাহারে অর্ধাহারে অখাদ্য-কুখাদ্য খেয়ে, অপুষ্টির শিকার হয়ে ও চিকিৎসার অভাবে ভুগছে। সাম্প্রতিক বন্যায় হাজার হাজার কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে ব্রিজ, কালভার্ট, রাস্তা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, নীলফামারী জেলার জাসদের সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক মোকসেদুল কাদের, কুড়িগ্রামের জাসদ নেতা ইমদাদুল হক, লালমনিরহাট জেলা জাসদের সাধারণ সম্পাদক মসিউর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
