২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যশিল্পী আইরিন হত্যা মামলায় স্বামী ও দেবরের ফাঁসির আদেশ

টেলিভিশন উপস্থাপিকা ও নাট্যশিল্পী আইরিন হত্যা মামলায় স্বামী আবুল কাওসার চিশতি ও দেবর মাহমুদ হাসান চিশতির বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঢাকা দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদার রোববার এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামি বিটিভির সাবেক উপস্থাপক ও দৈনিক ভোরের কাগজের সাংস্কৃতিক প্রতিবেদক সোহেল হায়দার চৌধুরীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আইরিনের স্বামী আবুল কাওসার চিশতির সাথে লাবণ্য নামের এক মহিলার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে তাদের দাম্পত্য সম্পর্কের অবনিত ঘটে। আইরিন তার কন্যার ভবিষ্যত কথা চিন্তা করে স্বামী আবুল কাওসার চিশতিকে প্রেস ও ফ্ল্যাট লিখে দেওয়ার জন্যে চাপ দেন। এতে স্বামী ও দেবরের সাথে তার সম্পর্কের আরও অবনতি ঘটে।

অবশেষে ২০০১ সালের ৭ অক্টোবর গ্রীন রোড স্টাফ কোয়ার্টারে নাটকের মহড়ার পর রাস্তার পাশে চায়ের দোকানে কয়েকজন বন্ধুর সাথে চা পান শেষে কন্যা ছোঁয়াকে নিয়ে স্কুটারে ওঠার সময় আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গুলি করে আইরিনকে হত্যা করে।