২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে দরপত্র আহ্বান

গভীর সমুদ্র বন্দর স্থাপনের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার শনিবার সাতটি আন্তর্জাতিক কনসালটিং ফার্মের কাছ থেকে দরপত্র আহ্বান করে টেন্ডারের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেপাল চন্দ্র সরকার বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস চালাকালে এসব ফার্ম মন্ত্রণালয় থেকে দরপত্র সংগ্রহ করতে পারবে।

এর আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রায় ২৫টি আন্তর্জাতিক কোম্পানি প্রস্তাবনা পেশ করেছিল। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। কোম্পানিগুলো হচ্ছে, জার্মানীর এইচপিসি হামবুর্গ পোর্ট কনসালটিং, নেদারল্যান্ডের রয়েল হ্যাসকোনিং, অস্ট্রেলিয়ার কোলেন গ্রুমিট অ্যান্ড প্রাইভেট লিমিটেড, জাপানের প্যাসিফিক কনসালট্যান্টস ইন্টারন্যাশনাল, ফ্রান্সের বিসিইওএম, কানাডার সিপিসিএস ট্রান্সকম লিমিটেড ও যুক্তরাষ্ট্রের নাথান অ্যাসোসিয়েটস।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচিত এসব ফার্মকে দরপত্র সংগ্রহ এবং ৪৫ দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।

নেপাল চন্দ্র সরকার বলেন, এগুলোর মধ্য থেকে মাত্র একটি কোম্পানিকে সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হবে।

এর আগে ১২ অক্টোবর এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকার সম্ভাব্যতা যাচাইয়ের টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করে।

সমীক্ষায় বর্তমান পরিস্থিতি, বন্দর প্রশাসনের মডেল, সরকারি-বেসরকারি অংশগ্রহণ মডেল, সম্ভাবনাময় বাজার ও বাণিজ্য সুবিধা যাচাই, স্থান নির্ধারণ, জরিপ ও তদন্ত, পরিকল্পনা ও ব্যয় নির্ধারণ, প্রকল্প মূল্যায়ন ও ব্যবস্থাপনা মডেল এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে দেখা হবে।