সার সংকট: হুমকির মুখে রবি শস্য উৎপাদন
নভেম্বর মাস থেকে রবি শস্যের মৌসুম শুরু হলেও সরকারের পক্ষ থেকে সার বিক্রির কোন পদক্ষেপ না নেওয়ায় রবি শস্য উৎপাদন হুমকির মুখোমুখি হয়ে পড়েছে।
যশোরের নোয়াপাড়া আমদানিকৃত মজুদ সারের সবচেয়ে বড় বাজার। এ বাজারেই এখন সার নেই। আমদানিকারকরা গত তিন মাস ধরে ভর্তুকি মূল্যে সার বিক্রির সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমদানিকারক বিডিনিউজকে জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সার বিক্রির নির্দেশটি ঝুলে রয়েছে।
এর ফলে প্রায় ১০ হাজার কৃষক সারের অভাবে ব্যাপক সমস্যার মুখোমুখি।
এছাড়া এলসি’র মাধ্যমে আমদানিকৃত টিএসপি, পটাশ আনা হলেও সরকারি সিদ্ধান্তের কারণে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না।
রাজশাহী, দিনাজপুর ও বগুড়াসহ উত্তরবঙ্গের শত শত কৃষকরা নোয়াপাড়ায় সার নিতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন।
সরকার প্রান্তিক কৃষকদের জন্য চলতি অর্থ বছরে ২৭১ কোটি টাকার সার আমদানি করলেও কিছু অনিয়ম ও এক শ্রেণীর আমদানিকারকদের কারণে কৃষকরা এ ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
এদিকে কৃষকদের অভিযোগ, অধিক লাভের আশায় সার আমদানিকারকরা বিভিন্ন দামে সার বিক্রি করে।
সরকারের নির্ধারিত দামে সার বিক্রি হয় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দৃষ্টি নেই।
