২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাধানীতে ক্রসফায়ারে ও সন্ত্রাসী হামলায় ২ জন নিহত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নগরীর বাড্ডা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে কথিত সন্ত্রাসী আবদুল আউয়াল ওরফে মানিক (৩০)। অপরদিকে মতিঝিলে জনতা ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবদুল কাদের (৫০) কে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ জানায়, মানিক ছিল একজন চিহিৃত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে কমপক্ষে অর্ধডজন মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, মানিকের স্বীকারোক্তি অনুযায়ী, ডিবির একটি দল অবৈধ অস্ত্র এবং তার সহযোগীদের গ্রেপ্তার করার জন্য বৃহস্পতিবার রাতে অভিযান চালালে খবর জানতে পেরে আগে থেকে ওঁৎ পেতে থাকা মানিকের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও জীবন বাচাতে পাল্টা গুলি চালায়। এসময় মানিক পালানোর সময় মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মানিকের পিতার নাম আবদুল ওয়াহাব। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়।

এদিকে, জনতা ব্যাংক ১২, আউটার সার্কুলার রোড শাখা, মতিঝিলের নিরাপত্তা প্রহরী কাদেরকে অজ্ঞাত সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত লাশটি ব্যাংকের বাথরুম থেকে উদ্ধার করে। হত্যার কারণ জানা যায় নাই।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।