কোম্পানীগঞ্জে জুয়েলারি দোকানে ডাকাতিকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত ৫, আহত ১০০
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থানা চত্বরে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ গুলি চালালে কমপক্ষে পাঁচজন নিহত হয়। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১০০ লোক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৩ টায় বসুরহাট বাজারের হাজী অ্যান্ড সন্স জুয়েলারিতে ট্রাক ও মাইক্রোবাসে করে ৫০/৬০ জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে। তাৎক্ষণিকভাবে কোম্পানীগঞ্জ থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করায় ডাকাতদল ফেনী জেলার দাগনভুঁঞা হয়ে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে বসুরহাট বাজারের ব্যবসায়ীরা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট আহ্বান করে। ধর্মঘট চলাকালে সকাল ৯টার দিকে ব্যবসায়ীসহ হাজার হাজার জনতা কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করে ওসিকে লাঞ্ছিত করে। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে প্রায় দুশ’ রাউন্ড গুলি ছুঁড়লে জনতাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ব্যাপক ভাংচুর চালায়। এতে ৩০ জন পুলিশসহ শতাধিক লোক আহত হয়।
গুলিবিদ্ধ অবস্থায় আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে স্বর্ণকার ফিরোজ (২০), বাবুল (২৫) ও আলাউদ্দিন (২৭) মারা যায় এবং ঢাকায় নেওয়ার পথে জুয়েলারির মালিক গুলিবিদ্ধ সুভাষ চন্দ্রের (৩৩) মৃত্যু হয়। অপরদিকে বিকেলে গুলিবিদ্ধ দোকান কর্মচারি সুজন (২৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা গেছেন।
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী সুমন চন্দ্র দেবনাথ (২২), দীন মোহাম্মদ মাস্টার (৩০), বেলায়েত হোসেন (৩৫), স্বপন (২০) ও মসজিদের ইমাম মিজানুর রহমান (২৩) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
বিকেল ৪টার দিকে জেলা পুলিশ সুপার একেএম শহিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি আইয়ুব হোসেন স্বীকার করেছেন জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫০ রাউণ্ড গুলি ছোঁড়ে। তবে তিনি বলেন, সংঘর্ষের সময় জনতাও পুলিশের উপর ৫০০ রাউণ্ড গুলি ছুঁড়েছে। ওসির এ বক্তব্যকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে এলাকার লোকজন।
এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েক হাজার জনতাকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার এড়াতে বসুরহাটের বেশিরভাগ বাড়িঘর এখন পুরুষশূন্য।
সংঘর্ষের ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাইয়ের নেতৃত্বে দু’টি কমিটি গঠন করা হয়েছে।
