২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজালবিরোধী অভিযানে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায়

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত শহরের আটটি প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য তৈরিসহ খাদ্যে পারফিউম (পাউডার) ব্যবহারের অপরাধে সাতটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বুধবার দিনব্যাপী ওই অভিযান পরিচালিত হয় কুষ্টিয়ার শহরের একমাত্র চাইনিজ রেষ্টুরেন্ট, অভিজাত মিষ্টির দোকান, মসলা ও লজেন্স ফ্যাক্টরিতে। কুষ্টিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মনির হোসেন খানের নেতৃত্বাধীন ওই ভেজালবিরোধী অভিযানে অংশ নেন জেলার ভারপ্রাপ্ত স্যানিটেশন কর্মকর্তা রেবেকা সুলতানা নাসরিন।

শহরের অভিজাত মিষ্টান্ন ভাণ্ডার জগদীশকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, পচা মিষ্টি সংরক্ষণ, পোকা ও মাছিমিশ্রিত মিষ্টি পাওয়ায় এ জরিমানা করা হয়। শহরের একমাত্র চাইনিজ রেষ্টুরেন্ট কারামায়ে পাওয়া যায় ফ্রিজ ভর্তি পচা মাংশ। ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল মসলা তৈরি ও তেলে মাছি থাকায় ফাতেমা অয়েল মিলকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা।

কুষ্টিয়া চেম্বার ভবনের সামনে অশোক দধি ভাণ্ডারের কারখানার সাথে টয়লেট, অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টির বাসি রস সংরক্ষণ করার দায়ে জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। লজেন্স ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে লজেন্সে বিষাক্ত পারফিউম (পাউডার) ব্যবহার ও নোংরা পরিবেশের কারণে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাল মোহাম্মদ অয়েল মিলে আবারও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শুকতারা মসলা মিলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয় দুই হাজার টাকা।