সার্ক সম্মেলন চলাকালে ঢাকাকে লোডশেডিং মুক্ত রাখা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সার্ক শীর্ষ সম্মেলনের সময় ঢাকাকে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রাখা হবে। সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির বৈঠকে বুধবার তিনি এ কথা বলেন।
সভায় যে কোন পরিস্থিতিতে সার্ক সম্মেলন স্থল এবং অতিথিদের বাসস্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর কমিটির সদস্যরা জোর দেন। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় হলেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একাধিক ৫০০ কেভি জেনারেটর সম্মেলন স্থলে স্ট্যান্ডবাই রাখা হবে বলে সভায় জানানো হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও অংশ নেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
তথ্য বিবরণীতে জানানো হয়, সম্মেলন কেন্দ্রে ৪৮টি ফ্লোরেসসেন্ট লাইট, ফলস সিলিং এর পেছন থেকে হ্যালোজেন লাইট স্থাপন করা হবে। আইপিএস এর সাথে সংযুক্ত এনার্জি সেভিং লাইটও থাকবে। সম্মেলন কেন্দ্র কোন অবস্থায়ই আলোকবিহীন থাকবে না। পিডব্লিউডি’র ই/এম বিভাগের অতিরিক্ত প্রকৌশলী মহসীন কবির সভাকে এ তথ্য জানান।
সভায় সম্মেলনস্থলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন সংস্থা’র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
সাতটি সদস্য রাষ্ট্রের পতাকা টানানো, প্রটোকল অনুযায়ী শীর্ষ নেতাদের প্রতিকৃতি স্থাপন ইত্যাদি বিষয় নিয়েও সভায় আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ এইচ এম মনিরুজ্জামান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আ ন হ আখতার হোসেন, পিডব্লিউডি’র প্রধান প্রকৌশলী এ এফ এম মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশণ্ডচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লিজ গ্রহণকারী কোম্পানি আগ্রাবাদ এ্যাকম কনসোর্টিয়াম লিমিটেড, পূর্ত মন্ত্রণালয়, পিডব্লিউডি, ঢাকা সিটি করপোরেশন, পিডিবি, ডেসা ও ডেসকো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
