২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী সাংস্কৃতিক সংগঠক এস. এ. প্রু’র শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন

বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের স্বামী বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক রাজপুত্র এস. এ. প্রু’র শেষ কৃত্যানুষ্ঠান বুধবার কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ মন্ত্রী মণি স্বপন দেওয়ান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং, সাংসদ বীর বাহাদুর, জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন, পুলিশ সুপার ইকবাল বাহার, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী খোরশেদ আলম চৌধুরীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবিসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেন। মারমা বৌদ্ধ আদিবাসী সমাজের বিশেষ রেওয়াজ অনুযায়ী ‘জাইত দল’ বিশেষ ভঙ্গিমায় নৃত্য করতে করতে তাঁকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানায়।

শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার জন্য পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মণিস্বপন দেওয়ান বুধবার সকালে বান্দরবান এসে পৌঁছান। সরকারের পক্ষে তাঁরা পরলোকগত এস. এ. প্রু’র মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর মোটর শোভাযাত্রা সহকারে একটি বিশেষ যানে মরদেহ বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে নিয়ে যাওয়া হয়।

গত ১৬ অক্টোবর ভোরে বান্দরবান পুরাতন রাজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরলোকগত এস. এ. প্রু’র মৃত্যুতে বিএনপি’র মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান এমপি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, সংস্কৃতি সচিবসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সরকারি চাকরির বাইরেও বোমাং রাজ পরিবারের প্রবীণ সদস্য এস. এ. প্রু ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। তিনি রেডিও বাংলাদেশের তালিকাভুক্ত শিল্পী ছিলেন।