কাঁচপুরে শ্রমিক সংঘর্ষ, সাড়ে ৬ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক যান চলাচল শুরু
সিনহা টেক্সটাইলের বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বুধবার সকালে পুলিশের সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা কাঁচপুর সড়কে ব্যারিকেড দেয়। ঘটনার সাড়ে ৬ ঘন্টা পর বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট সড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে সংঘর্ষে পুলিশের গুলিতে কমপক্ষে ছয়জন শ্রমিক ও একজন নিরাপত্তাকর্মী আহত হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শি জানায়, কমপক্ষে ১০০ জন শ্রমিক ও নিরাপত্তাকর্মী এ সংঘর্ষে আহত হয়। ফ্যাক্টরিতে প্রবেশের সময় পরিচয়পত্র দেখানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীরা দুজন শ্রমিককে প্রহার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
এ খবর অন্য শ্রমিকদের কাছে পৌঁছালে শ্রমিকরা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। পরে তারা ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেয়।
শ্রমিকরা মহাসড়কের পাঁচ/ছয়টি বাসের ওপর হামলা চালায়। সকাল সাড়ে ৭ টা থেকে ঘটনাস্থলে শতশত বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন আটকা পড়ে। পুলিশ এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।
পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ শ্রমিক সাহাবউদ্দিন (২৪), আবুল কাশেম (৪০), মহসিন (৪০), রুবেল (১৯), সাইদুর (২৫), আব্দুল রহিম (২৫) ও মামুনকে (২৮) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেলা ১টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব বিপুল সংখ্যক পুলিশ সিনহা গ্রুপের টেক্সটাইল মিলের ভেতরে প্রবেশ করে। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের আরেক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২টি টিয়ারশেল ও পাঁচ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
উত্তেজিত শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে এএসপি নূর আহম্মেদ, ওসি এসএম শহিদুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
পুলিশ ভাঙচুর ও নাশকতার দায়ে ১২ জনকে গ্রেফতার করেছে।
মিল কর্তৃপক্ষ দাবি করেছে, সিনহা গ্রুপের ভেতরে ৭০ টি গার্মেন্টস ও চারটি টেক্সটাাইল মিল রয়েছে। ওই সংঘর্ষে উৎপাদন বন্ধ থাকায় তাদের ক্ষতি হয়েছে আনুমানিক প্রায় এক কোটি টাকা।
এদিকে ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ এক সংবাদ বিবৃতিতে ওই সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, তাদের মিলে ভাঙচুর চালানোর ফলে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। মিল কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনতার সহায়তায় পরিস্থিতি এখন রয়েছে নিয়ন্ত্রণে। কর্তৃপক্ষ ওই অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের প্রয়োজনীয় শাস্তি দেওয়া এবং আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নির্বাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
