ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ আগামী বছর শুরু
দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক তথা ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ আগামী বছর থেকে শুরু হচ্ছে।
মালয়েশিয়া ভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারী বিনিয়োগ প্রতিষ্ঠান আজিমাত কনসোর্টিয়াম চার লেনবিশিষ্ট ২১০ কিমি দীর্ঘ অত্যাধুনিক এ সড়ক প্রকল্প বাস্তবায়নে সরকারকে প্রস্তাব দিয়েছে। এই এক্সপ্রেস ওয়ে নির্মাণে ব্যায় হবে ৮৯৬ মিলিয়ন মার্কিন ডলার।
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বুধবার এ কথা জানানো হয়।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এটি হবে একটি পৃথক রুট। আধুনিক এ এক্সপ্রেসওয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সোনাগাজী, সীতাকুন্ড ও হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দুতে স্পর্শ করবে। এর প্রতিটি লেন হবে সাড়ে তিন মিটার বা ১২ ফুট চওড়া। ভবিষ্যতে এ এক্সপ্রেসওয়েকে আট লেনে পরিনত করার ব্যবস্থাও থাকবে।
পুরো যাত্রাপথে থাকবে নিরাপদ ও আধুনিক ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে স্থাপতি হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া নির্দিষ্ট কিছু স্থানে থাকবে পার্কিং পয়েন্ট, টয়লেট, বিশ্রামগার, নামাজের স্থান এবং ফুডকোর্ট। সুষ্ঠু ট্রাফিকের জন্য কিছু স্থানে শর্ট ফ্লাইওভারও নির্মাণ করা হবে।
এ সড়ক নির্মাণের পুরো অর্থ দিতে রাজি হয়েছে মালয়েশিয়ার ছয়টি ঠিকাদার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম।
সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বহিঃসম্পদ বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
