২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য মন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য খাদ্য নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা ও মজুদ গড়ে তুলতে চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

বুধবার রাজধানীর আইডিবি ভবন মিলানায়তনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা’ শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা এডোয়ার্ড মেথু কালন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মোতাহার হোসেন বক্তৃতা করেন। এছাড়াও কর্মশালায় বিশ্ব খাদ্য কর্মসূচীর সিনিয়র উপদেষ্টা ঊষা মিশ্র যোশী ‘বর্তমান খাদ্য নিরাপত্তা এবং চ্যালেঞ্জ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, ‘চরম দারিদ্র এবং ক্ষুধা দূরীকরণে’ ২০১৫ সালের মধ্যে খাদ্যে সফলতা অর্জন করতে হবে। সরকার দারিদ্র পীড়িত মানুষের জন্য ভিজিডি, ভিজিএফ, কাজের বিনিময়ে খাদ্য, টিআর, খোলা বাজারে চাল বিক্রি এবং স্বল্পমূল্যে চাল বিক্রি অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় ইতোমধ্যে ব্যাপক খাদ্য নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জাতীয় খাদ্য নীতির খসড়া প্রণয়ন করেছে, যা মন্ত্রীসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী বলেন, দারিদ্র দূরিকরণ কৌশলপত্র (পিআরএসপি) ইতোমধ্যে এনইসি সভায় অনুমোদিত হয়েছে।