২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা দালালদের শিকার

দালালদের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:58 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

গ্রাম থেকে আসা অধিকাংশ রোগীদের হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও তাদের বাইরে থেকে প্যাথলজিক্যাল পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে।

হাসপাতালের কিছু অসাধু চিকিৎসক ও কর্মচারি এ কাজে দালালদের সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসাপাতালের সামনে ও এর আশপাশে বেশ কিছু ক্লিনিক ও প্যাথলজিক্যাল পরীক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। অথচ নিয়মানুযায়ী সরকারি হাসপাতালের পাঁচশ’ গজের মধ্যে বেসরকারি কোন ক্লিনিক বা প্যাথলজিক্যাল পরীক্ষা কেন্দ্র থাকতে পারবে না।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ১৯৯৩ সালে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল পরীক্ষাসহ অন্যান্য বিষয়ে রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি আদায়ের নির্দেশ দেয় সরকার। যা বাইরের প্যাথলজিগুলো থেকে অনেক কম।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের জরুরি বিভাগের একজন কর্মচারি বিডিনিউজকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, কিছু কর্মচারি ও চিকিৎসকের মদদে দালালরা নির্বিঘ্নে এ কাজ করে যাচ্ছে।

আর এদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরীব রোগী ও তাদের আত্বীয়স্বজন।

জানা যায়, হাসপাতালে পা রাখার পর থেকে দালালরা রোগীদের পিছু নেয়। কখন কোন পরীক্ষা করতে হবে রোগীর স্বজন বা চিকিসক বা নার্সদের কাছ থেকে তা জেনে নেয়। দালালরা হাসপাতালের বর্হিবিভাগ, জরুরি বিভাগ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেড়ায়। রোগীদের পরীক্ষা থেকে আয়ের ওপর এরা ক্লিনিক ও প্যাথলজি থেকে কমিশন পায়।

কিডনি রোগে আক্রান্ত শেফালি বিডিনিউজকে জানান, প্রতিটি প্যাথলজিক্যাল ও অন্যান্য পরীক্ষা তিনি হাসপাতালের বাইরে থেকে করার জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।