২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশ-ভারত ব্যাবসায়ী ফোরাম গঠনে নয়াদিল্লির গুরুত্বারোপ

দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি আবারও বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরাম গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি বলেন, উভয় দেশের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অনেক সিদ্ধান্তই বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে সফল হওয়ার জন্যে তিনি উভয় পক্ষের মানসিক দৃঢ়তা বৃদ্ধির ওপর জোর দেন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাকক্ষে মঙ্গলবার বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় বাংলাদেশের ব্যবসায়ী নেতারা ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর করার জন্য বীণা সিক্রির মাধ্যমে ভারত সরকারের কাছে আহ্বান জানান।

তারা বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা আরও সহজ করার অনুরোধ জানান।

বিসিআই সভাপতি একে আজাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অমেরিকান চেম্বার (অ্যামচ্যাম) সভাপতি আফতাব-উল ইসলাম, সাবেক উপ প্রধানমন্ত্রী জামালউদ্দিন আহমেদ, এ মাতলুব আহম্মাদ, নাসরীন আউয়াল মিন্টু, মনজুর আহমেদ ও তরুণ চক্রবর্তী বক্তব্য রাখেন।

বীণা সিক্রি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন তার প্রতিবেশী দেশের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। আর এক্ষেত্রে অগ্রগতির প্রধান উপায় হচ্ছে আন্তঃযোগাযোগ।

তিনি আরও বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের জন্যে আর্থিক অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারত উভয়কেই গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করতে হবে।

বিসিআই সভাপতি একে আজাদ বলেন, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের ভোগ্য পণ্য ও নির্মাণ সামগ্রী সহজে ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে না।

তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশী পণ্যের টেস্টিং সনদপত্র এবং ইনভয়েস, রুলস-অব-অরিজিন ও উচ্চ এলসি মার্জিনে কাস্টমস কর্মকর্তাদের স্বাক্ষরের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতীয় ব্যবসায়ীরা খুব একটা আগ্রহ দেখান না।