২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বালিয়াকান্দি ছাত্রদল সভাপতির ১৭ বছরের কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি ও নাইন স্টার গ্রুপের প্রধান আমিরুল ইসলামকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

১ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আশরাফ হোসেন সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩ নভেম্বর ক্লিনহার্ট অপারেশন চলাকালে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথবাহিনী অভিযান চালিয়ে আমিরুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার ইলিশকোল গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি আধুনিক পিস্তল উদ্ধার করে।

পুলিশ ঘটনা তদন্ত শেষে আমিরুল ইসলাম ও মো. সাঈদ খান নামের দুই যুবকের বিরুদ্ধে চার্জশিট প্রদান করলে বিজ্ঞ আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও নয়জন সাক্ষীর গ্রহণ শেষে সোমবার রায় দেন। আমিরুলের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে অস্ত্র রাখার দায়ে ১৯ এর ‘এ’ ধারায় ১০ বছর ও গুলি রাখার দায়ে ১৯ এর ‘এফ’ ধারায় সাত বছর মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর আসামি সাঈদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট রবিউল আলম মামলাটি পরিচালনা করেন।