গোয়েন্দা পুলিশের ‘ক্রসফায়ারে’ সন্ত্রাসী কিলার ফারুক নিহত
রাজধানী ঢাকার শাহ আলী থানা এলাকায় মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী কিলার ফারুক (২৭) নিহত হয়েছে।
নিহত কিলার ফারুকের বিরুদ্ধে আটটি হত্যা মামলাসহ কয়েক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, তাকে ১৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সে মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে ফারুককে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। তাকে নিয়ে শাহ আলী থানার পার্কের কাছে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
গুলি বিনিময়ের এক পর্যায়ে ফারুক পালানোর চেষ্টা করলে সেও গুলিবিদ্ধ হয়। তার মাথাও বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের সময় পুলিশের দুই সদস্যও আহত হয়।
