সার্ক শীর্ষ সম্মেলন: ভারত ও মালদ্বীপের নিরাপত্তা দল ঢাকায়
সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারত ও মালদ্বীপের নিরাপত্তা কর্মকর্তাদের দু’টি অগ্রবর্তী দল সোমবার ঢাকায় পৌঁছেছে।
আগামী ১২-১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সার্ক সম্মেলনকে সামনে রেখে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয় নিয়ে তারা সরকারের সঙ্গে বৈঠক করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার সার্ক সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এবং যে কোন মূল্যে সম্মেলন সফল করবে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পরিবর্তীত বিশ্ব প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিণা সিক্রি সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা তাদের কাজ করে যাচ্ছেন এবং হাই কমিশনার ইঙ্গিত দেন, তাদের রিপোর্টের উপরই নির্ভর করবে ড. মনমোহন সিংয়ের সম্মেলনে যোগ দেয়া না দেয়ার বিষয়টি।
ভারতীয় হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত করলেও মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পররাষ্ট্রমন্ত্রণালয়ে ভারত ও মালদ্বীপের নিরাপত্তা দলের বৈঠকে ঢাকায় নিযুক্ত নেপাল ও শ্রীলংকার হাই কমিশনারগণ, ভূটান দুতাবাস ও পাকিস্তান হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন।
