ইসলামী ঐক্যজোট নেতা ইকবাল বিন ইয়াকুবের হত্যার কারণ এখনও অনিশ্চিত, নির্দিষ্ট কাউকে আসামি না করে মামলা
চট্টগ্রামে ইসলামী ঐক্যজোট নেতা ইকবাল বিন ইয়াকুবের হত্যার মোটিভ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহতের ভাই আশরাফ বিন ইয়াকুব বাদী হয়ে সোমবার কোতয়ালী থানায় মামলা দায়ের করলেও কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি।
এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চোরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম সোমবার এক বিবৃতিতে ইকবাল বিন ইয়াকুবের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের জোট সরকারের আমলে এভাবে ইসলামপন্থীদের খুন, হত্যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। আলেম-ওলামাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
এই খুনের ঘটনায় ক্ষমতাসীন চারদলীয় জোটের অন্যতম দুই শরীক দলের নাম আসায় পুলিশকে বেশ ভেবে চিন্তে অগ্রসর হতে হচ্ছে বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
তবে চট্টগ্রামের পুলিশ কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে বলেছেন, এটি একটি খুন। খুনীদের পরিচয় খুনীই। খুনীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করাই হচ্ছে পুলিশের কাজ।
পুলিশ, ইসলামী ঐক্যজোট ও নিহতের আত্মীয়-স্বজন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত এই খুনের চারটি সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো হচ্ছে, ঐক্যজোটের অন্তর্কোন্দল, জামায়াতের সাথে বিরোধ, জঙ্গি কানেকশন ও ব্যবসায়িক বিরোধ।
এদিকে ইকবালের পরিবারের সদস্যদের হুমকিদাতাদের চিহ্নিত করার মাধ্যমে এ খুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
ইকবালের ভাইকে রোববার ফোন করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পরিবারের আরও দুই সদস্যকে খুন করা হবে বলে হুমকি দেয়া হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে বলেছেন, একটি প্রি-পেইড নাম্বার থেকে ইকবালের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।
এই হুমকিদাতাদের চিহ্নিত করা গেলে খুনীদেরও সহজে চিহ্নত করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করা প্রসঙ্গে মামলার বাদী আশরাফ বিন ইয়াকুব বিডিনিউজকে বলেছেন, জানা মতে, আমার ভাইয়ের কোনও শত্রু ছিল না, যাদের আসামি করা যেতে পারে।
মামলা দায়েরের পর এখন খুনীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
টেলিফোনে হুমকি প্রসঙ্গে তিনি আরও জানান, ভাইয়ের খুনীরা আমাদেরও খুন করবে বলে হুমকি দিচ্ছে। আমাদের পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর ইসলামী ঐক্যজোট (আমিনী) চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও গত ৯মে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকবাল বিন এয়াকুবকে অপহরণ করে হত্যা করা হয়। রোববার সকালে কোতয়ালী থানাধীন গনি বেকারী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
