কুষ্টিয়ায় বোমা হামলায় চার্জশিটভুক্ত জঙ্গি ঝিনাইদহে গ্রেপ্তার
কুষ্টিয়ায় ১৭ আগস্ট বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডার হাবিবুর রহমান ও তার সঙ্গী মাসুদুর রহমান মাসুদকে ঝিনাইদহ পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, তারা ছদ্মবেশে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডিপুর গ্রামের জনৈক আব্দুস সালামের বাড়িতে কৃষিকাজ করছিল। তাদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে হাবিবুর স্বীকার করে, সে কুষ্টিয়ায় বোমা হামলায় জড়িত ছিল। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। মাসুদের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়।
