২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা ও ভাঙ্গন পীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসতে আবদুল জলিল ও ওবায়দুল কাদেরের আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা উপদ্রুত এলাকায় দুর্গত মানুষের দুঃখ দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি ঐ এলাকায় সরকারের গৃহীত ত্রাণ কর্মসূচিকে অপর্যাপ্ত ও দুর্গত জনগণের প্রতি চরম অবহেলা ও উপেক্ষা বলে উল্লেখ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মঙ্গা কবলিত কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় দুর্ভিক্ষে বহু মানুষের প্রাণহানী ঘটেতে পারে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার আগেই মঙ্গা কবলিত ও বন্যা পীড়িত এলাকায় ভ্যাপক ত্রাণ কর্মসূচি চালু করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে ত্রাণ কমিটি গঠন করে দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানোর আহ্বান জানান।

অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী জেলার চর এলাহী, চম্পাবতী, চরহাজারী ও মুসাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার শ’শ’ ঘরবাড়ী ও ফসলী জমি ছোট ফেণী নদীর অব্যহত ভাঙনে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এক’শ কোটি টাকা ব্যয়ে ভেরি বাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু জোট সরকার ক্ষমতায় আসার পর ভেরি বাঁধ মেরামত না করায় বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ফলে হাজার হাজার মানুষ সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

তিনি চরাঞ্চলের এই বিস্তীর্ণ এলাকা জলোচ্ছ্বাস ও নদীর ভাঙন থেকে রক্ষার জন্যে অবিলম্বে বেড়ীবাঁধ মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।