প্রধানমন্ত্রীর ভাষণ জনগণের সাথে ধোঁকাবাজির শামিল: বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে মিথ্যাচার ও জনগণের সাথে ধোঁকাবাজির শামিল বলে উল্লেখ করেছেন।
শনিবার বিকল্পধারা জাতীয় নির্বাহী কমিটির দুদিন ব্যাপি সভার সমাপনী অধিবেশনে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।
সভায় অধ্যাপক চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার দলীয়করণের রাজনীতি ও ব্যক্তি বন্দনার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছেন। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে প্রধামন্ত্রীর দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ এখন চরম শংকা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
তিনি আরও বলেন, বোমাবাজির ঘটনায় গোয়েন্দা ও প্রশাসনকে দায়ী করে প্রধানমন্ত্রী সরকার পরিচালনা ও প্রশাসন নিয়ন্ত্রণে তার অযোগ্যতা স্বীকার করে নিয়েছে।
বনানীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব আবদুল মান্নান, যুগ্ন মহাসচিব ফিরোজ এম. হাসান, সাংগঠনিক সম্পাদক মাহি বি. চৌধুরী প্রমূখ।
ভূমি প্রতিমন্ত্রী দুলুর গ্রেফতার দাবিতে মাহী
এদিকে বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহি বি. চৌধুরী ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি শনিবার বিকল্পধারা ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান। শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি ভূমি প্রতিমন্ত্রীকে বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের নেতা বলে উল্লেখ করেন। সমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
