২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশী নির্যাতনে আসামির মৃত্যুর অভিযোগ, পুলিশের দাবি আত্মহত্যা

কুষ্টিয়ায় পুলিশী নির্যাতনে শনিবার কোর্ট হাজতের ভিতরেই এক আসামির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নিহত আসামির নাম চান মিয়া (২৮) বলে জানা গেছে। তবে পুলিশ দাবি করছে, সে আত্মহত্যা করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের হাটগোপালপুর থেকে পুলিশ ২১৪ বস্তা চোরাই ধানসহ চান মিয়া (২৮) ও কারফু (৩০) নামের দুই ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনের জন্যে শনিবার দুপুরে তাদের কুষ্টিয়া কোর্টে নিয়ে যাওয়া হয়।

কোর্ট হাজত সূত্র জানায়, শনিবার আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের অপর চার আসামির সঙ্গে কোর্ট হাজতে রাখা হয়। এরপর চান মিয়ার মৃত্যু হয়।

পুলিশ দাবি করছে, হাজতে রাখার কিছুক্ষণ পর চান মিয়া বাথরুমে প্রবেশ করে। অনেক পরেও সে বের না হলে দেয়ালের উপরে উঠে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। রিমান্ডের ভয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করেছে।

তবে গ্রেফতারকৃত অপর ব্যক্তি কারফু সাংবাদিকদের জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আটকে রেখে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। কয়েক দফায় তাদের বেদম মারধর করায় চান মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বারবার চিকিৎসার আবেদন জানালেও তাদেরকে কোনও চিকিৎসা দেওয়া হয়নি বলে জানান কারফু।

কোর্ট পুলিশ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে। তদন্তের পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।