সদরঘাটে পাচারকারীর খপ্পর থেকে ১১ জন শিশু উদ্ধার, আটক ৩
নগরীর সদরঘাট থেকে শনিবার সকালে পুলিশ ১১ জন শিশুকে নারী ও শিশু পাচারকারী দলের খপ্পর থেকে উদ্ধার করেছে। একই সঙ্গে পুলিশ হাতেনাতে আটক করে তিনজন পাচারকারীকে।
সদরঘাট পুলিশ ফাঁড়ি ও কেরানীগঞ্জ থানা সূত্র জানায়, আটককৃতরা হচ্ছে হালিমা বেগম (৩৫), কুলসুম বেগম (৫৫) ও সাফেরা খাতুন (৪৮)। এদের মধ্যে হালিমা দলনেতা। অন্য দুজন তার সহযোগী।
উদ্ধারকৃত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও আটজন মেয়ে। এদের বয়স পাঁচ থেকে ১২ বছর। এরা হচ্ছে, জান্নাত, ইয়াসনূর, বিনু, সেলিম, ঝর্ণা, সালমা, তছলিমা, মিরাজ হোসেন, আলামিন এবং দুলাল।
ওই তিনজন পাচারকারী ভোলার চরফ্যাশান থেকে কাজ দেওয়ার নাম করে ১১ জন শিশুকে নানা প্রলোভন দেখিয়ে এমভি জামাল-৩ নামক লঞ্চে করে ঢাকায় নিয়ে আসে। লঞ্চের আনসার গার্ডদের সন্দেহ হওয়ায় তারা ঢাকায় পৌঁছা মাত্র বিষয়টি সদরঘাট পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পুলিশ ও আনসারদের যৌথ জিজ্ঞাসাবাদের পর পাচারকারী ওই তিনজনকে আটক করা হয়।
তারা পুলিশকে জানিয়েছে, শিশু ১১ জনকে পুরনো ঢাকার লালবাগের একটি ব্রিজের কাছে আরেকটি দলের কাছে হস্তান্তর করার কথা ছিলো। পুলিশ এখন পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছে।
এদিকে নিরাপদ হেফাজতের জন্য উদ্ধারকৃত শিশুদের পাঠানো হয়েছে কেরানীগঞ্জ থানায়।
