২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় বাংলাদেশী শ্রমিক নিতে সমীক্ষা চালাচ্ছে মালয়েশিয়া

মালয়েশীয় সরকার সেদেশে নতুন করে বাংলাদেশী শ্রমিক নেওয়ার চিন্তা ভাবনা করছে। দেশটির কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুনরায় বাংলাদেশী শ্রমিক নেওয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমীক্ষা পরিচালনার কাজ হাতে নেয়া হয়েছে।

বাংলাদেশ মালয়েশীয় সরকারের এ উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করে স্বাগত জানিয়েছে।

মালয়েশিয়ার উপ মন্ত্রী দাতুক তান চাই হো বলেন, এক মাসের মধ্যে এ সমীক্ষার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। পুত্রজায়া থেকে প্রকাশিত বারনামা পত্রিকা একথা জানায়।

মালয়েশিয়ায় বাংলাদেশী হাইকমিশনার শফি ইউ আহমেদ বৃহস্পতিবার টেলিফোনে বিডিনিউজকে বলেন, পরিশ্রমী, কর্মঠ ও সততার কারণে মালয়েশীয় কোম্পানিগুলোতে বাংলাদেশী শ্রমিকের সুখ্যাতি আছে।

তিনি বলেন, পরবর্তীতে কি হবে তার জন্যে আমদের অপেক্ষা করা উচিত।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বুধবার এক বৈঠক শেষে উপ মন্ত্রী দাতুক তান চাই হো বলেন, সমীক্ষার পর প্রাপ্ত তথ্য বৈদেশিক শ্রমিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির নিকট পেশ করা হবে। উপ প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাক এ কমিটির প্রধান।

সামাজিক সমস্যাসহ বেশ কিছু কারণে ২০০০ সাল থেকে মালয়েশীয় সরকার বাংলাদেশী শ্রমিক নিচ্ছে না। পুলিশের পরামর্শে তখন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার উপমন্ত্রী বলেন, সেদেশের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও মালয় ভাষা বলতে পারা।

মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, সেদেশের ম্যানুফেকচারিং খাতে বর্তমানে ৫১ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করছে।

এর আগে মালয়েশীয় সরকার ২০০৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০০৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সেদেশে বসবাসরত অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। পরবর্তীতে এ তারিখ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়। ওই সময়ের মধ্যে অবৈধ বিদেশী শ্রমিকদের মালয়েমিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়, যা ‘অপারেশন নসিহত’ নামে পরিচিত।

সেসময় প্রায় আট হাজার বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে আসে। কিন্তু অনেকেই অর্থ সংকট এবং পুনরায় মালয়েশিয়া যেতে না পারার আশংকায় তখন দেশে আসেনি।

সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হলে মালয়েশীয় সরকার অপারেশন ‘অপস টেগাস’র আওতায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ধার পাকড় অভিযান শুরু করে। সেসময় কয়েশ’ অবৈধ বিদেশী শ্রমিককে আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগ ছিল ইন্দোনেশীয় শ্রমিক।

শ্রমিক সংকটে মালয়েশীয় শিল্প খাতে থেকে অর্জিত শত শত কোটি মালয়েশিয়ান রিঙ্গিত হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্যে জরুরী ভিত্তিতে মালয়েশিয়ার তিন লাখ শ্রমিক প্রয়োজন।