দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির অভ্যর্থনা
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ ও তার স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম বৃহস্পতিবার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের লোকদের অভ্যর্থনা জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত, ভারতীয় হাই কমিশনের প্রতিরক্ষা অ্যাটাচে, সিরডাপের মহা পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অধ্যাপক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, শিল্পী, হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অন্যান্য পেশার লোকজন এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতির একান্ত সচিব আবু সোলায়মান চৌধুরী, সামরিক সচিব মেজর জেনারেল এএনএম মুনিরুজ্জামান, প্রেস সচিব এম মুখলেসুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সচিব রফিকুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের নেতা মেজর জেনারেল সি আর দত্ত, গৌতম মিত্রসহ অন্যরাও এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ এবং তার স্ত্রী আনোয়ারা বেগম অতিথিদের গোলাপ ও রজনীগন্ধ্যা ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি তাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
