সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বোমার মামলায় মুফতি হান্নানের ৫ দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদে জেআইসিতে প্রেরণ ১ জঙ্গিকে
সারা দেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় তেজগাঁও থানার একটি মামলায় ১০ দিন রিমান্ড শেষে মুফতি হান্নানকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বোমা হামলার মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে জয়পুরহাটে বোমা হামলা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি (জামাআ’তুল মুজাহেদীন বাংলাদেশ) নেতা তুহিন ও রউফ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। অপরদিকে চাঁদপুরে আটক জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এ পাঠানো হয়েছে।
মুফতি হান্নানকে র্যাব হেডকোয়ার্টার থেকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে সাদা মাইক্রোবাস যোগে আদালতে হাজির করা হয়। এসময় জ্ঞিাসাবাদের জন্যে ডিবি পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানায়। ঢাকার মুখ্য মহানগর হাকিমের এ রিমান্ড মঞ্জুর করা হয়।
রমনা থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার (নম্বর-৭৭ (৮)০৫ ধারা-৩,৪) রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল হাশেম খান বলেন, ১৭ আগস্টের বোমা হামলায় মুফতি হান্নান ওরফে জামান ওরফে মিলন সরাসরি জড়িত। তার সহযোগীদের নাম এবং সারা দেশে জঙ্গি তৎপরতার তথ্য জানার জন্যে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
আদালতের অনুমতি নিয়ে মুফতি হান্নান তার বক্তব্যে বলে, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি বাংলাদেশের নাগরিক। শুধু শুধু রিমান্ডে নিয়ে আমাকে কষ্ট দেবেন না।
আদালতে মুফতি হান্নানের পক্ষে কোনও আইনজীবী শুনানিতে অংশ নেননি। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে মহানগর মুখ্য হাকিম শামসুল আলম সুষ্ঠুু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যে বোমা পুঁতে রাখার দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার মামলার মুফতি হান্নানকে বুধবার গ্রেপ্তার দেখানো হয়েছে। অস্ত্র আইনের ওই মামলায় তার যাবজ্জীবন সাজার পরোয়ানা কার্যকর করা হয়েছে।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি নেতা তুহিন ও রউফ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। তুহিন জয়পুরহাট সদর উপজেলার হারহিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং রউফ জেলা শহরের মারওয়ারী পট্টি পূর্ব বাজার এলাকার মালেক ফকিরের ছেলে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জেএমবি’র সক্রিয় ২৮ জন সদস্যের বিরুদ্ধে ৩ অক্টোবর পুলিশ নিম্নআদালতে চার্জশিট দাখিল করে। এদের মধ্যে তুহিন ও রউফসহ আটজন আসামি পলাতক ছিল।
পলাতক ওই দুই আসামি বুধবার জেলা ও দায়রা জজ এন নরেন্দ্র চন্দ্র দাসের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরসহ কুমিল্লা ও নোয়াখালীতে ১৭ আগস্ট ও ৩ অক্টোবর বোমা হামলায় জড়িত গ্রেপ্তারকৃত জেএমবি আঞ্চলিক কমান্ডার সাইফুল্লাহ গালিবকে জিজ্ঞাসাবাদের জন্যে জেআইসিতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গালিব জজকোর্ট, ডিসি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলায় জড়িত ছিলো।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, জেএমবি সদস্যসন্দেহে আটক মাহফুজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বীকারোক্তিতে বলেছে, সে মূলত ছাত্র শিবির সমর্থক। বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে মাহফুজ তার জবানবন্দিতে বলেছে সে ও তার সহকর্মী জাবেদ, কামাল উদ্দিন ডিউক, গোফরান, রেদোয়ান, সাব্বির ও অন্য একজন ফেনীতে হামলা চালায়। ১৫ আগস্ট রাতে একটি গোপন সভায় মিলিত হয়ে তারা হামলার পরিকল্পনা করে বলেও মাহফুজ স্বীকার করে।
মাহফুজ জানায়, সে একজন শিবির সমর্থক। তার সহকর্মী কামাল উদ্দিন তাকে এ পথে নিয়ে আসে।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, জবানবন্দিতে জিলু মোল্লা তার সহযোগী সাত জনের নাম প্রকাশ করেছে বলে দাবি করলেও তদন্তের স্বার্থে এসব নাম জানাতে রাজি হননি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল।
পুলিশ রিমান্ডে টানা সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে জিল্লুরকে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সবুর হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। গত ২ অক্টোবর পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে। ৬ অক্টোবর তাকে বোমা মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নেয়া হয়।জিল্লুর রহমান গাড়ফা গ্রামের মৃত বাচেন মোল্লার পুত্র।
জিল্লুর তার জবানবন্দিতে জানিয়েছে, ১৩ আগস্টের সভায় সেসহ আরো ১৫/১৬ জেএমবি সদস্য উপস্থিত ছিলো। জবানবন্দিতে সে বোমা হস্তান্তরকারী হিসেবে জনৈক সাব্বিরের নাম বলেছে। পুলিশ বলছে সাব্বির তার ছদ্মনাম।
জিল্লুরের সাথে একই দিনে খুলনা ও বাগেরহাট থেকে ধৃত এবং একই দিনে রিমান্ডে নেয়া জসিম মোল্লা (২৩), কালিম মোল¬া (৩২) ও ওবায়েদ উল্লাহ (২৭) এর আট দিনের রিমান্ড আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। তবে এদের কেউ ঘটনার দায় স্বীকার করবে কি-না, সে ব্যাপারে তদন্ত কর্মকর্তা কিছু জানাতে রাজি হননি।
