উত্তরাঞ্চলের ৩ জেলায় কেয়ারের ত্রাণ কার্যক্রম শুরু
বন্যায় উত্তরাঞ্চলের গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে বুধবার ১৫ দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহায্য হিসেবে প্রত্যেক পরিবারকে প্রতিদিন চাল, ভোজ্য তেল, লবন, আলু ও একটি ব্যাগ দেওয়া হচ্ছে।
এতে বলা হয়, কেয়ারের কর্মকর্তা-কর্মচারি নিজেরাই রংপুর ও নীলফামারী জেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। তবে গাইবান্ধা জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দিয়েছে কেয়ারের অঙ্গ সংগঠন এসকেএস।
এদিকে সরকারের পক্ষ থেকে যাদের ত্রাণ দেওয়া হয়েছে তারা যাতে আবার কেয়ারেরও সাহায্য না পায়, সেজন্য সংস্থাটির ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা টিম স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে এ কর্মসূচি পরিচালনা করবে।
