সাভারে হুন্ডির টাকা আত্মসাতের দায়ে পুলিশের এসআই ও ৫ সোর্স ৩ দিনের রিমান্ডে
সাভারে হুন্ডির এক কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারকৃত সাভার থানার এসআই ইব্রাহিম খলিল এবং পুলিশের পাঁচ জন সোর্সকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলার ডিবি পুলিশের ওসি খুরশীদুল আলম গ্রেপ্তারকৃত ছয় জনকে বুধবার ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত রিমান্ডের প্রার্থনা করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত পুলিশ সোর্সরা হলো, জহিরুল ইসলাম, আবু তাহের, মনিরুল ইসলাম, সোনা মিয়া ও জাকির হোসেন।
মামলার অপর আসামি সাভার থানার আর্মড পুলিশের এসআই আমিনুল ইসলাম এখনও পলাতক আছে।
যশোরের নোয়াপাড়া থেকে শনিবার সাভারের উত্তরা ট্রেডার্সের ২ কোটি ৩৮ লাখ টাকা হুন্ডির মাধ্যমে আসছিল। সাভার থানার পুলিশ গাড়ি আটক করে ১ কোটি ৮০ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনা ব্যাপক আলোড়ন তুললে সাভার থানা থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকী পাঁচ লাখ টাকা ভাগাভাগি হয়ে যাওয়ায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
