বোমা বিস্ফোরণ মামলার চার্জশিটভুক্ত পলাতক ২ জেএমবি নেতার আত্মসমর্পণ
১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি নেতা তুহিন ও রউফ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে।
তুহিন জয়পুরহাট সদর উপজেলার হারহিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং রউফ জেলা শহরের মারওয়ারী পট্টি পূর্ব বাজার এলাকার মালেক ফকিরের ছেলে।
পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জেএমবির সক্রিয় ২৮ জন সদস্যের বিরুদ্ধে ৩ অক্টোবর পুলিশ নিম্নআদালতে চার্জশিট দাখিল করে। এদের মধ্যে তুহিন ও রউফসহ আটজন আসামি পলাতক ছিল। পলাতক ওই দুই আসামি বুধবার জেলা ও দায়রা জজ এন নরেন্দ্র চন্দ্র দাসের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
