পাতাল রেলে হামলার দুই মাস পরও লন্ডনের রেল ব্যবস্থা পুরোপুরি ঠিক হয়নি
লন্ডনের পাতাল রেলে গত জুলাই মাসে হামলার পর দুই মাস পেরিয়ে গেলেও ব্রিটিশ রাজধানীর রেল ব্যবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি।
নিরাপত্তাজানিত কারণে রেল রুটের সংখ্যা অনেক কমে যাওয়ায় প্রতিদিন হাজার হাজার লোককে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
লন্ডনের বেশিরভাগ লোক বিশেষ করে বাংলাদেশীসহ অন্যান্য বিদেশীরা সুলভে এবং স্বল্প সময়ে যাতায়াতের জন্য পাতাল রেল ব্যবহার করে থাকে।
যাত্রীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কোন নোটিশ ছাড়াই হঠাৎ করে অনেক ট্রেন বন্ধ থাকার ফলে তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এরকমই ঘটেছিলো গত ৮ অক্টোবর। নিরাপত্তাজানিত কারণ দেখিয়ে কোন পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃৃপক্ষ লন্ডন পাতাল রেলের অর্ধেক বন্ধ রাখে।
শারমিন কুমু নামে বাংলাদেশ থেকে আসা এক গৃহিনী জানান, সেদিন শ্যাডওয়েল স্টেশনে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করে শুনি রেল বন্ধ। পুরো ঘটনায় আমি স্তম্ভিত। আমি বুঝতে পারছিলাম না কি করবো। কথাগুলো বলার সময়ও তার চোখে ছিলো আতঙ্ক।
ওইদিন ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার কপিগুলো হটকেকের মতো বিক্রি হয়। পত্রিকার ব্যানার শিরোনাম ছিলো ‘পাতাল রেলে আবারো বোমাতঙ্ক’।
স্থানীয় বাংলা সাপ্তাহিক ‘পত্রিকার’ রিপোর্ট ছিলো ‘লন্ডনের পাতাল রেল স্টেশনে দুর্যোগ’।
নিরাপত্তাজনিত বিভিন্ন কারণ, সন্ত্রাসী হামলার আশংকা ইত্যাদি কারণে পাতাল রেলের আইন শৃঙ্খলাও বারবার বিঘ্নিত হচ্ছে। নানা ধরনের অপরাধ বাড়ছে। গত সপ্তাহে একদিন দৈনিকগুলোর শিরোনাম ছিলো ‘ পাতাল রেল স্টেশনে এক মা ধর্ষিত’।
লন্ডনের পুলিশ কর্তৃপক্ষও বলছে যে তারা যাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জো মেক নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, যখন কোন যাত্রীর ব্যাগ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তো বাঁচানোর কেউ থাকে না।
লন্ডনে বর্তমানে ১৫টি পাতাল ট্রেন ছয়টি জোনে প্রায় ২০০টি স্টেশনের মধ্যে যাতায়াত করছে।
