নারায়ণগঞ্জে র্যাবের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও একটি ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও আড়াইহাজারের ডাকাত সরদার রওশন নিহত হয়েছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে বলে র্যাব সূত্র জানায়।
রওশনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। র্যাব সূত্রে জানা যায়, রোববার দুপুরে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার নয়াগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ডাকাত সর্দার রওশনকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তির ভিত্তিতে র্যাবের একটি দল রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে আড়াইহাজারের নৈকাহন ব্রিজের কাছাকাছি পৌঁছালে তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর গুলি চালায়।
র্যাব ও ডাকাতদের মধ্যে ৩০ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে ডাকাত দলটি পালিয়ে যায়। সহযোগীদের সাথে পালানোর চেষ্টাকালে রওশন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
র্যাব সদস্যরা এ সময় একটি বিদেশী ৯এমএম পিস্তল, তিন রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড বন্দুকের গুলি এবং একটি রামদা উদ্ধার করে।
