২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার ছাত্রলীগ ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১৩ নেতা-কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ইসলামী ছাত্র শিবিরের আহত ১০ জনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান এবং সমাজ বিজ্ঞান অনুষদের সভাপতি মাশুকুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অপর শিবির কর্মীরা হলো-জসিম উদ্দিন হলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ, কলা অনুষদের সভাপতি মহিউদ্দিন, জাকারিয়া, ফেরদৌস, মারুফ, মুহসীন, জিয়া এবং মাহফুজ।

আহত ছাত্রলীগ নেতা-কর্মীরা হলো-বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য টিটু, অমর একুশে হল শাখার সভাপতি উজ্জল এবং বিশ্ববিদ্যালয় শাখার প্রকাশনা সম্পাদক মারুফ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে কলা ভবনে ছয় শিবির কর্মী শিক্ষকদের মাঝে ইফতারের নিন্ত্রণ পত্র বিতরণ করছিলো। আগামী ১৩ তারিখে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময়ে ছাত্রলীগের কতিপর কর্মী তাদেরকে নিমন্ত্রণপত্র বিতরণ করতে নিষেধ করে। ফলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে শিবির কর্মীরা তিন ছাত্রলীগ কর্মীকে মারধোর শুরু করে।

শিবিরের হামলার পর ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো শিবিরের নেতা-কর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। হামলার পরপরই ছাত্রলীগ ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মিছিল বের করে।

নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরও স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মতো ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময়ে তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকার বিরোধী ছাত্র জোট সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী জোটও শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তারা নতুন করে হামলা করার উদ্দেশ্যে মল চত্ত্বরে অবস্থান করছিল। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ শিবিরের আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাবি সভাপতি শিশির মোহাম্মদ মনির বলেন, ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ আবু জাফর গিফারি রাসেল, আবুল বাশার ইসমাইল, মাজহার ইসলাম, শাহজাহান শিশির, মেহরাজ হোসেন, ওবায়েদ, কাওসার, বাবলু এবং টিপুর নেতৃত্বে ছাত্রলীগের ‘সন্ত্রাসী’রা তার কর্মীদের ওপর হামলা চালায়।

রাতে বিভিন্ন আবাসিক হলে শিবির কর্মীদের ওপর আবারও হামলা হতে পারে বলে শিশির আশঙ্কা প্রকাশ করেন।

সংঘর্ষ চলাকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা নিরব দর্শকের ভূমিকা পালন করে। ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, কোনও সক্রিয় ছাত্র সংগঠন তাদের কর্মকান্ড চালিয়ে যেতে চাইলে তাদের উচিত অন্যদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা। এই অর্থে শিবির সক্রিয় সংগঠন নয়। সুতরাং তাদেরকে নিষিদ্ধ করা উচিত।

এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।