নীলফামারীতে পাহারাদারকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে দুর্গা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রোববার ভোরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেঙমারি পূজা মণ্ডপ থেকে দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে।
চার দুর্বৃত্ত মণ্ডপের পাহারাদারকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে এ কাজ করেছে বলে এলাকাবাসী জানায়।
এ ঘটনায় পার্শ্ববর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার চার ব্যক্তির নামে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী, পুলিশ সুপার সোয়েব আহমেদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। দুপুরে স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার এবং সৈয়দপুর পৌরসভা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আখতার হোসেন বাদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় লোকজনকে নিয়ে সভা করে পরিস্থিতি শান্ত করেন। বিকেলে তাদের উপস্থিতিতেই দুর্গা প্রতিমার আরেকটি নতুন মাথা স্থাপন করে নতুন করে পূজা শুরু করা হয়।
পুলিশ সুপার সোয়েব আহমেদ জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পার্শবর্তী জেলা রংপুরের তারাগঞ্জ থেকে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
