পাহাড়ি নারীদের নির্যাতনের প্রতিবাদে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিল উইমেন ফেডারেশন
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় আদিবাসী নারীদের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় দোষী সেনা সদস্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে হিল উইমেন ফেডারেশন।
ফেডারেশনের নেত্রীরা নির্যাতনের শিকার পরিবারসমূহকে ক্ষতিপূরণ প্রদান এবং পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারসহ চার দফা দাবি জানান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পার্বত্য নারীদের সংগঠনটি এ দাবি জানায়।
তারা বলেন, ২ অক্টোবর বাবুছড়া জোনের এক মেজরের নেতৃত্বে ১০/১২ জন সেনা সদস্য হিল উইমেন ফেডারেশনের নেত্রী রূপালি চাকমা, ইউপিডিএফ সদস্য সুগত চাকমার স্ত্রী কালিকা চাকমা ও সুবিয়া চাকমার ওপর শারীরিক নির্যাতন চালায়।
হিল উইমেন ফেডারেশনের সভাপতি সোনালী চাকমা ও সংগঠনের দীঘিনালা শাখার অন্যান্য নেত্রীবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
