২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে শনিবার সকালে বড় ধরনের ভূমিকম্পের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চট্টগ্রামের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯:৫৮:৫৪ টায় ভূমিকম্পটি অনুভূত হয়। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল কেন্দ্র থেকে দূরবর্তী হওয়ায় এর মাত্রা ও স্থায়ীত্ব নিরূপণ করা সম্ভব হয়নি।

রাজবাড়ীতে স্থানীয় সময় সকাল ১০:০৭ টায় ভূমিকম্পটি কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয়েছে। এসময় পুকুরে পানি উপচে পড়ে এবং অন্যান্য জলাধারের পানিতেও ঢেউয়ের সৃষ্টি হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

ফরিদপুর শহরেও সকাল ১০ টায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে, তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জেলা প্রশাসক ভূমিকম্পের কথা স্বীকার করলেও ফরিদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভূকম্পনের ব্যাপারে তিনি কিছু জানেন না।

লক্ষ্মীপুরে তিনধাপে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে প্রতিবারই স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। এ সময় মেঘনা, ডাকাতিয়াসহ বিভিন্ন নদী ও পুকুরের পানি উপচে পড়ে।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও সদর উপজেলায় শনিবার সকাল ১০ টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়। দুই থেকে তিন সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে যমুনার পানিতে উত্তাল ঢেউ ওঠে। ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পঞ্চগড় সদর ও বোদা উপজেলাসহ পাশ্ববর্তী এলাকায় শনিবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।। এসময় এলাকার শত শত লোকজন রাস্তার ধারে দাঁড়িয়ে ভূকম্পনের ফলে সৃষ্ট পানির ওঠানামা প্রত্যক্ষ করেন। ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও পুকুরের পানি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ওঠানামা করে। ভূমিকম্পে পুকুরের পানি ডাঙ্গায় চলে আসে। এছাড়াও সদর উপজেলার মীরগড় ও বোদা উপজেলার বালাভীড়সহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় এমন কম্পন অনুভূত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নড়াইলে সকাল ১০ টা ১১ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্বকাল ছিল ১ মিনিট ৩৩ সেকেন্ড। ভূমিকম্পনকালে নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী, পুকুর ও ছোট ছোট জলাশয়গুলোতে ঢেউয়ের সৃষ্টি হয়। লোকজন তখন বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছিল।

এর আগে ১৮ সেপ্টেম্বরও মাঝারি মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেছিল।