পূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা, মেটাল ডিটেক্টর কিনতে বাবরের পরামর্শ
দুর্গা পূজার সময় রাজধানী ঢাকাসহ দেশের সকল পূজা মণ্ডপে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সরকার কঠোর নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সম্প্রতি দেশব্যাপী বোমা হামলার পর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পূজায় আগত দর্শনার্থীদের তল্লাশি করার জন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে মেটাল ডিটেক্টর সংগ্রহের পরামর্শ দিয়েছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে শনিবার নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সিআর দত্ত, র্যাবের মহাপরিচালকসহ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ও মহিলা ওয়ার্ড কমিশনার, বিভিন্ন স্থানের পূজা উদযাপন কমিটির নেতা এবং ডিসিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারা দেশের পূজা মণ্ডপগুলোতে এক লাখ ২০ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, গত বছর যেখানে মাত্র ১৬ হাজার আনসার মোতায়েন করা হয়েছিলো, এবার তার সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এবার সারা দেশে ২২ হাজার পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্র্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপিত হচ্ছে বলে তিনি জানান।
তবে পূজা মণ্ডপগুলোতে এবার কতো সংখ্যক পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এর কোনো সংখ্যা উল্লেখ করেননি।
প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে মেটাল ডিটেক্টর সংগ্রহের পরামর্শ দেন। তিনি বলেন, দরকার হলে এগুলো নিজ উদ্যোগে কিনে নিতে হবে।
তিনি বলেন, সরকার এ ধরনের সকল সরঞ্জামের ব্যবস্থা রাখবে, তবে তা পর্যাপ্ত না-ও হতে পারে।
সম্প্রতি যেসব জঙ্গি হামলা হয়েছে, তাতে বই ও যন্ত্রপাতির আকারে বোমা বহন করা হয়। তাই হিন্দু সম্প্রদায়ের অনেক নেতা ও গৌতম চক্রবর্তী নিজেও পূজার সময় প্রসাদের প্যাকেটের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন।
মেয়র সাদেক হোসেন খোকা বলেন, পূজা মণ্ডপগুলোতে নাগরিক সুবিধা দিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দিনরাত চব্বিশ ঘন্টা এ কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে: ৯৫৫৬০১৪।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন মন্দিরের জমি নিয়ে বিরোধ মীমাংসার আহ্বান জানান। তারা স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ধ্বংসপ্রাপ্ত রমনা কালী মন্দিরের কথা তুলে ধরেন।
নেতারা বলেন, এটি অন্যত্র স্থানান্তরের যে গুজব শোনা যাচ্ছে, তা সত্যি হলে আমরা তা মেনে নেবো না।
আগের জায়গাতেই এটি পুনর্নির্মাণ করা হবে বলে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে আশ্বাস দেন।
সিআর দত্ত পূজা কমিটিকে সতর্ক থাকার আহ্বান জানান।
