হাতিয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত
হাতিয়ায় একই স্থানে বিএনপি’র ইফতার পার্টি এবং আওয়ামী লীগের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে চার পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।
বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী লাঞ্চিত হন।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ জানুয়ারি কিবরিয়া হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ আহুত হরতালে পুলিশের সাথে ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় আওয়ামী লীগ দলীয় ২৩ নেতা কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মুক্তি প্রাপ্তদের সংবর্ধনা হাতিয়ার শহীদ মিনার চত্বর ও আফাজিয়া বাজারে আয়োজন করা হয়। একই সময় বিএনপি শহীদ মিনার চত্বরে ইফতার পার্টির আয়োজন করে মাঠ নিজেদের দখলে রাখে।
এ অবস্থায় আফাজিয়া বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা স্থল থেকে নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম চৌধুরীর নেতৃত্বে মিছিল সহকারে উপজেলা সদরে আসলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়।
এ সংঘর্ষে পুলিশের এসআই নিকুঞ্জ, এএসআই ফরিদ, এএসআই খোরশেদ ও কনস্টেবল আলমসহ বিএনপি ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে রাতে আওয়ামী লীগ এসএস উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করে।
অন্যদিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, বর্তমানে হাতিয়া উপজেলায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ রাস্তায় টহল দিচ্ছে।
