কোম্পানিগঞ্জে ধর্ষিতার আত্মহত্যা
নোয়াখালীর কোম্পানিগঞ্জে ধর্ষণের পর গ্রাম্য সালিশ বৈঠকের বিচারের অপমান সইতে না পেরে ক্ষোভে দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবতী।
উপজেলার চরলেংটা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, মৃত ওজি উল্লাহর ছেলে আক্তার হোসেন (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে আপন শ্যালিকা মমতাজ বেগমকে (১৮) গত ২৮ সেপ্টেম্বর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গত ৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় গ্রাম্য সালিশ বৈঠকে ধর্ষক আক্তারের স্ত্রী মনোয়ারা বেগমকে আট শতাংশ সম্পত্তি প্রদান ও ধর্ষিতাকে আট হাজার টাকা প্রদানের রায় ঘোষণা করা হয়। এরপর ক্ষোভে অপমানে ধর্ষিতা মমতাজ আত্মহত্যা করে। মমতাজ বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের হারিছ মিয়ার কন্যা।
