খুলনায় ৪ বছরেও কার্যত বাস্তবায়িত হয়নি জোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ক্ষমতাসীন চারদলীয় জোট সরকার খুলনার উন্নয়নে ব্যর্থ হয়েছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার প্রধান বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনের আগে খুলনায় ১৬টি উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া মন্ত্রী ও সাংসদদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করারও উদ্যোগ নেই। সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে জোট সরকারের চার বছরে খান জাহান আলী সেতুর নির্মাণ কাজ সম্পন্ন ছাড়া অবকাঠামোগত কোনও উন্নয়ন হয়নি। খুলনার শীর্ষ রাজনীতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ সকল অভিযোগ করেছেন।
তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদ নির্বাচনের আগে সার্কিট হাউজ ময়দানে বিশাল জনসভায় খুলনায় ওয়াসা স্থাপনের ঘোষণা দেন। কিন্তু নগরবাসীর তীব্র পানি সংকট ঘোচাতে এখন পর্যন্ত ওয়াসা স্থাপন করা হয়নি। কেবল প্রকল্প গ্রহণের মধ্যে এ কাজ সীমাবদ্ধ রয়েছে।
সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে দরকার প্রায় পাঁচশ’ কোটি টাকা। সরকার তহবিল ঘাটতির অজুহাত দেখিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে না। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একজন শীর্ষনেতা অভিযোগ করেন, ওয়াসা স্থাপন প্রকল্পটি বাস্তবায়িত হোক, তা সিটি মেয়র চান না।
কারণ হিসেবে তিনি বলেন, ওয়াসা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। মেয়র চান সিটি কর্পোরেশনের অধীনে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে নগরীতে পানি সরবরাহ হোক। কারণ, এতে মেয়র আর্থিকভাবে লাভবান হবেন।
তবে খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ২০০২ সালের ১৪ অক্টোরর আমি নিজেই খুলনায় ওয়াসা স্থাপনের প্রয়োজনীতা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিই। পরবর্তী সময়ে আমরা প্রকল্পটি সংসদে উত্থাপন করি। বর্তমানে প্রকল্পটি অনুমোদনের জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে।
অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ বছরের ৫ মে খুলনার শিরোমনিতে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে দেশে কনডম তৈরির একমাত্র কারখানার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কনডম তৈরির কারখনার পাশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপনের ঘোষণা দেন। আগামী বছরের জুন মাসের মধ্যে কনডম কারখানায় উৎপাদন শুরু হওয়ার কথা থাকলেও কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়নি। তাছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপনেরও কোনও প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি।
পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ জোট সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। কিন্তু কাজটিও প্রকল্প গ্রহণের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড় ধরনের শিল্পভিত্তিক অবকাঠামো গড়ে না ওঠায় এতদিন এ অঞ্চলে গ্যাস সরবরাহ করতে সরকর অনাগ্রহী ছিল।
সম্প্রতি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, ভারতের টাটা গ্রুপ পাবনার ঈশ্বরদীতে বিনিয়োগে আগ্রহী হওয়ায় এ এলাকায় গ্যাস সরবরাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ অঞ্চলে গ্যাস সরবরাহের জন্যে দরপত্র আহবান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্পের অর্থায়নের জন্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
বিগত বিএনপি সরকারের আমলে ১৯৯১ সালে বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাগেরহাট জেলার রামপালে খান জাহান আলী বিমান বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকলেও তাদের ওই প্রতিশ্রুতি পূরণে কোনও উদ্যোগ নেই। ১৯৯৪-৯৫ অর্থবছরে বিমান বন্দরের জন্যে ৯৩ দশমিক ৫৭ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্টল বিমান বন্দর নির্মাণ করার ন্যে ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়। ওই সময় কিছু মাটি ভরাটের কাজ হয়। বাণিজ্য ও পর্যটনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ খুলনার খান জাহান আলী বিমান বন্দর সম্পর্কে প্রাক-প্রকল্পপত্রে বলা হয়, যশোর বিমান বন্দরের ৮০ ভাগ বিমান যাত্রী খুলনার। এছাড়া সুন্দরবনে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণ, মংলা বন্দরের ব্যবসা-বানিজ্য গতিশীল করা ও মংলায় ইপিজেড নির্মাণের প্রেক্ষাপটে এ বিমান বন্দর নির্মাণ করা অত্যন্ত জরুরি। এদিকে মংলা সমুদ্র বন্দরের অবস্থা সংকটজনক। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান অভিযোগ করেন, জোট সরকার গত চার বছরে এ বন্দরের গতিশীলতা ফিরিয়ে আনতে কোনও উদ্যোগ গ্রহণ করেনি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ণ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বন্দরকে পুনরুজ্জীবিত করা জরুরি। তিনি বলেন, বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে শৃঙ্খলা না থাকা, পশুর চ্যানেলের নাব্যতা হ্রাস এবং দেশের উত্তরবঙ্গ ও রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ না থাকায় দেশের দ্বিতীয় সামুদ্রিক এই বন্দর কোনও কাজে লাগছে না। সরকার এ সমস্যা সমাধান না করে বন্দর ধ্বংসের জন্যে ১১ মাফিয়াকে দায়ী করে আসছে। তবে আজ পর্যন্ত ওই ১১ মাফিয়ার নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
নেপাল সরকার ২০০৩ সালে তাদের আমদানি-রপ্তানির মাধ্যম হিসেবে মংলা বন্দরকে ব্যবহারের আগ্রহ প্রকাশ করে। ওই বছর ৫ মে নেপালের রাষ্ট্্রদূত ভাগিরথ বাসনেট নৌ পরিবহণ মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দু’ দেশের বাণিজ্য সম্প্রসারণে মংলা বন্দরের গুরুত্বের কথা তুলে ধরেন। বৈঠকে বলা হয়, নেপাল মংলা বন্দর ব্যবহার করলে সরকার বছরে কমপক্ষে ৫০ কোটি টাকা আয় করতে পারবে। কিন্তু সরকার থেকে আজ পর্যন্ত এ ব্যাপারে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উন্নয়ন কমিটির নেতা শেখ আশরাফ-উজ-জামান আরও অভিযোগ করেন, আঞ্চলিক বিভাজন তৈরি করে সরকারের মধ্যে একটি গ্রুপ মংলা বন্দরকে ধ্বংস করছে। দেশের একমাত্র বিশেষায়িত আবু নাসের হাসপাতলের নির্মাণ কাজ অর্থ সংকটের কারণে বন্ধ রয়েছে। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু করে। ২০০২ সালের ডিসেম্বর মাসে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। জোট সরকার ক্ষমতায় এসে প্রকল্পের জন্যে চার কোটি টাকা থাকলেও অর্থ সংকটের কারণ দেখিয়ে কাজ মাঝ পথে বন্ধ করে দেয়। তবে এ প্রকল্পের কাজ পুনরায় চালু করার জন্যে গত মাসে সরকার ২২ কোটি টাকা পুনরায় বরাদ্দ দিয়েছে বলে সিভিল সার্জন সূত্র জানিয়েছে।
এছাড়া গত চার বছরে বন্ধ কল কারখানা চালু, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ, আড়াইশ’ শয্যা হাসপাতালকে পাঁচশ’ শয্যায় উন্নীতকরণ, নিউজ প্রিন্ট মিল চালু, বিভাগীয় স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনসহ জোট সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, জোট সরকার বিগত চার বছরে খুলনার মানুষের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। তারা উন্নয়ণমূলক কোনও কাজ করেনি।
তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের সমাপ্ত করা খান জাহান আলী সেতু ফিতা কেটে কৃতিত্ব নিতে চায়। কিন্তু খুলনার মানুষ তাদের এ মিথ্যাচার বিশ্বাস করে না।
তিনি বলেন,বর্তমান জোট সরকার খুলনার কল কারখানা বন্ধ করে দিয়ে হাজার-হাজার শ্রমিককে বেকার করেছে। বর্তমানে তারা মানবেতর জীবন-যাপন করছে। অন্যদিকে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত নির্বাচনে জোট সরকারের সুনির্দিষ্ট ১৬টি বা এ ধরনের কোনও প্রতিশ্রুতি ছিলনা। তবে মংলা বন্দরের উন্নয়ন, ইপিজেড সম্প্রসারণ, ওয়াসা স্থাপন, বন্ধ পাটকল চালুসহ কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ওয়াসা স্থাপন এ মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে কেসিসি’র মাধ্যমে পানি সরবরাহ করা হবে। মংলা বন্দরের উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে। ঈদের পরপরই ওই কমিটি বন্দর সফর করবেন।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা খানজাহান আলী সেতুর নির্মাণ কাজ শেষ করেছি এবং মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কাজ হাতে নিয়েছি। বাকী প্রতিশ্রুতি আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
